কালভার্ট
কালভার্ট। নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গ্রামীণ সড়কে মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে একটি কালভার্ট। তবে কালভার্ট নির্মাণ শেষ হলেও ছয় বছরে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় তা এখনো কোনো কাজে আসছে না স্থানীয়দের। ফলে সরকারি অর্থ ব্যয় করে অবকাঠামো নির্মাণ হলেও কমেনি মানুষের দুর্ভোগ।

Advertisement

২০১৯-২০ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুমোদিত সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দারগাঁও বাজার হইতে দিঘিরপাড় রাস্তায় ৩৬ ফুট কালভার্ট নির্মান করা হয়। কালভার্ট নির্মাণের পর কয়েক অর্থবছর পেরিয়ে গেলেও প্রকল্পটির সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। এতে কালভার্টটি পড়ে আছে অনেকটা অকার্যকর অবস্থায়।

স্থানীয়দের অভিযোগ, কালভার্ট নির্মাণের আগে ও পরে সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন ছিল। কিন্তু কালভার্ট নির্মাণের পরও সড়কের কাজ না হওয়ায় দুই পাশের রাস্তার সাথে এর কার্যকর যোগাযোগ তৈরি হয়নি। ফলে বর্ষা মৌসুমে পানি ও কাদার কারণে মানুষের চলাচলে দুর্ভোগ আরও বেড়ে যায়।

সংশ্লিষ্ট দফতরের তথ্য অনুযায়ী, দিঘিরপাড় রাস্তায় কালভার্টটি নির্মাণের জন্য ২০১৯-২০ অর্থবছরে ৩০ লাখ  বরাদ্দ দেয়া হয়। কালভার্টটির নির্মাণকাজ শেষ হলেও এর সাথে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় স্থানীয়রা কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না। সরকারি অর্থে নির্মিত অবকাঠামোটি ব্যবহার উপযোগী করতে এখনো সড়কের কাজ বাকি রয়েছে

স্থানীয় বাসিন্দা জহিরুল হক সানী বলেন, ‘একটি কালভার্ট নির্মাণের পর যদি সেটির দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ না করা হয় তাহলে সরকারি অর্থ ব্যয় করে ওই অবকাঠামো নির্মাণের সুফল মানুষ কীভাবে পাবে?’ 

দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে কালভার্টটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান বলেন, ‘বিষয়টা জানা নেই। এখন জানতে পারছি। আগামী বাজেটে এখানে সংযোগ সড়কের কাজ করা হবে।’