
রাজবাড়ীর গোয়ালন্দে জবাইয়ের উদ্দেশ্যে কসাইখানায় অসুস্থ গরু রাখার দায়ে বাবুল নামে এক কসাইখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বুধবার (১১নভেম্বর) উপজেলার উজানচর জামতলা এলাকায় পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে এ দণ্ড দেয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গোশতের সরবরাহ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মুনতাসীর হাসান খানের নেতৃত্বে অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে জামতলা এলাকার একটি কসাইখানায় জবাইয়ের উদ্দেশ্যে অসুস্থ গরু রাখার বিষয়টি শনাক্ত হয়।
পরে পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে কসাইখানার মালিক বাবুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো: মুনতাসীর হাসান খান বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গোশত নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। অসুস্থ পশু জবাই কিংবা আইনবহির্ভূতভাবে পশু জবাইয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত থাকলে অসুস্থ পশু জবাই প্রতিরোধের পাশাপাশি ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








