
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাসেল হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের সন্তোষপুর ইকো পার্কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল উপজেলার সেনেরহুদা গ্রামের মাদরাসা পাড়ার ইলিয়াস হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোরে কাজের উদ্দেশে যাওয়ার পথে সন্তোসপুর-আন্দুলবাড়িয়া সড়কে পার্কের পাশে খাদের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। লাশটির পাশে একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখা যায়। পরে সরকারি জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খেঁজুর গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
নিহত রাসেলের বাবা ইলিয়াস হোসেন বলেন, ‘আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করে। গতকাল রাত ৯টার দিকে সন্তোসপুর পাম্পে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফিরেনি। সারারাত তার নম্বরে ফোন দেয়া হলেও ফোন রিসিভ করেনি। আজ ভোরে খবর পেলাম সে এক্সিডেন্ট করেছে। এসে দেখি আমার ছেলে মারা গেছে।’
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ‘সন্তোষপুর পার্কের কাছে দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরিবারের পক্ষে থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








