খুলনায় মাথায় কোপ দিয়ে মোটরসাইকেল ছিনতাই
খুলনায় মাথায় কোপ দিয়ে মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে। নয়া দিগন্ত

খুলনার ডুমুরিয়ায় মো: সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে। 

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মির্জাপুর ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত সাইফুল ইসলামের বাড়ি বাগেরহাট জেলার যাত্রাপুর (রহিমাবাদ) এলাকায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাইফুল ইসলাম গুটুদিয়া এলাকা থেকে মোটরসাইকেলে আড়ংঘাটার দিকে যাচ্ছিলেন। পথে মির্জাপুর ওয়াপদা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় তারা।

স্থানীয় এক ভ্যানচালক তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোজাম নামে এক ভ্যানচালক অ্যাম্বুলেন্সে করে তাকে খুলনায় নিয়ে আসেন। তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পুলিশ তাকে ডেকে আহত ব্যক্তিকে খুলনায় নেয়ার ব্যবস্থা করতে বলেন। হাসপাতালে পৌঁছানোর পর সাইফুলকে সার্জারি বিভাগে পাঠানো হয়। তখন পর্যন্ত তার কোনো স্বজন হাসপাতালে আসেননি।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সাইফুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গুটুদিয়া এলাকায় ওই ঘটনা ঘটেছে।