বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে অসুস্থ হয়ে চীনা কর্মীর মৃত্যু
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নয়া দিগন্ত

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে ভূগর্ভে কাজের সময় চেং শিয়াওজুন (৫৬) নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি খনিতে ভেন্টিলেশন কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

পুলিশ ও কয়লাখনি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর ফেইসের সিলওয়াল থেকে প্রায় ৩০ মিটার দূরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রেসকিউ টিম। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক জাফর সাদিক জানান, সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার নির্ধারিত শিফটে কাজ করতে ভূগর্ভে নামেন চেং শিয়াওজুন। দৈনন্দিন কাজের অংশ হিসেবে, খনির মিডল স্টেশন-৩ এলাকায় ১৩০৫ নম্বর ফেইসের সিল ওয়ালের পাশে কার্বন মনোক্সাইড ও উচ্চ হাইড্রোকার্বন গ্যাসের মাত্রা পরিমাপ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। নির্ধারিত সময়ের মধ্যে ফিরে না আসায় বিষয়টি সারফেস কন্ট্রোল রুমকে জানানো হয়। পরে খবর পেয়ে রেসকিউ টিম উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

কোতোয়ালি থানার এএসআই মো: সেলিম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত শেষে বুধবার (১১ নভেম্বর) লাশ খনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।