রংপুরে কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি
কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। নয়া দিগন্ত

রংপুরে বর্ণাঢ্য আয়োজনে কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে এ র‍্যালি আয়োজন করা হয়। 

র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালবাগ চত্বরে হয়ে ক্যাম্পাসের জিএল হোস্টেল মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ ডক্টর আবুল হোসেন মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: মাহবুবুর রশীদ, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান ও জেলা পরিষদের প্রশাসক মো: সাইফুল ইসলাম।

সভায় অতিথিরা বলেন, ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে কারমাইকেল কলেজ উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার পরিধি আরো বিস্তৃত করবে। এ সময় অতিথিরা কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও নতুন হল নির্মাণের প্রতিশ্রুতি দেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টায় কলেজের সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। পরে, সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ ব্যান্ড সংগীতের আয়োজন করা হয়।