শ্রমিক বিক্ষোভ 
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ : ১১ কারখানায় ছুটি, বেশিরভাগেই উৎপাদন স্বাভাবিক। নয়া দিগন্ত

গাজীপুরের শিল্পাঞ্চলে মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভের চেষ্টা চালান। একপর্যায়ে নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি কারখানার শ্রমিকেরা। 

Advertisement

পরবর্তীতে তাদের একটি অংশ বিক্ষোভ মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার ১১ কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল এবং শ্রমিকেরা যথাসময়ে কাজে যোগ দেন।

বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা ও মহাসড়ক অবরোধ

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়। তবে কোনাবাড়ী এলাকার রিপন নিটওয়্যার লিমিটেড ও কাশিমপুরের মন্ডল গ্রুপের শ্রমিকদের একটি অংশ বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।

পরে সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকার নর্প ইন্ডাস্ট্রির শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বেরিয়ে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবস্থান নেন। সেখানে তারা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেন এবং আশপাশের কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ১১ কারখানায় ছুটি

এ সময় আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা জড়ো হতে শুরু করলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ছুটি ঘোষণার পর অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে গেলেও আন্দোলনকারীদের একটি অংশ মহাসড়কে অবস্থান অব্যাহত রাখে। পরে তাঁরা নাওজোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে অবস্থান নেন।

মাঠে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশের পাশাপাশি থানা পুলিশ, বিজিবি, এসআরবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেন। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সকাল থেকে শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক ছিল। তবে কয়েকটি স্থানে শ্রমিক বিক্ষোভের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি থানা পুলিশ, বিজিবি, এসআরবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছেন। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর মজুরি বোর্ডের সুপারিশে মালিক-শ্রমিকের সম্মতির ঘোষণায় অধিকাংশ শ্রমিক কাজে ফিরেছিলেন। মঙ্গলবার কয়েকটি স্থানে নতুন করে বিক্ষোভের ঘটনা ঘটলেও তা শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার উৎপাদন কার্যক্রমে প্রভাব ফেলেনি। শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের দাবিদাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়টিই এখন শিল্পাঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।