
মৌলভীবাজারের পর্যটন উপজেলা শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের (হাসিবুল ইসলাম) ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার বালিশিরা রিসোর্টের সামনে স্ত্রীকে নিয়ে ঘুরতে আসা হাসিবুলের ওপর এ অতর্কিত হামলা চালানো হয়। হামলার ঘটনায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র ও রিসোর্ট কর্মচারীদের তথ্যমতে, তিন দিন আগে স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত সফরে শ্রীমঙ্গলে এসে রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিবুল ইসলাম। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে তারা রিসোর্ট থেকে বের হয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। রিসোর্টের গেট পার হওয়ার পরপরই এক ব্যক্তি হাতে ধারালো ‘দা’ নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধাওয়া দেয়। এ সময় প্রাণ বাঁচাতে তিনি স্ত্রীকে নিয়ে দৌড়ে পুনরায় রিসোর্টের ভেতরে ঢুকে আশ্রয় নেন।
রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, হামলাকারীর দায়ের কোপে হাসিবুলের হাতে জখম হয়। রিসোর্টের ভেতরে আশ্রয় নেয়ার পর কর্মচারীরা দ্রুত তার হাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধ করেন। পরবর্তী সময়ে কিছুটা সুস্থ বোধ করলে তারা পুনরায় অটোরিকশায় করে শ্রীমঙ্গল রেলস্টেশনের উদ্দেশে রওনা হন।
এদিকে, এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগী হাসিব আল ইসলাম। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজের শেষাংশে মাটিতে পড়া ছায়ায় হামলাকারীর হাতে ধারালো অস্ত্র (দা) থাকার বিষয়টিও দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলার আহ্বায়ক খালেদ হাসান জানান, হামলার খবর পাওয়ার পরপরই স্থানীয় নেতারা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করেছেন।
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি, তবে ভুক্তভোগী বা কারো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তবুও পর্যটক ও ভুক্তভোগীর নিরাপত্তার স্বার্থে পুলিশ নিজ উদ্যোগে বিষয়টি খতিয়ে দেখছে।’
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল আল মামুন জানান, হামলার খবর পেয়ে পুলিশ স্থানীয় হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছে, তবে সেখানে তাদের পাওয়া যায়নি। পরবর্তী সময়ে এনসিপির এক নেতার মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়েছে যে প্রাথমিক চিকিৎসা শেষে হাসিবুল স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গল ছেড়ে চলে গেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








