
আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত না হলে সারাদেশে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ১০ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রামের পটিয়া থানার মোড় চত্বরে আয়োজিত এক সমাবেশে সংস্থাটির আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের এ কথা জানান।
ওসমান হাদি হত্যার এক বছরেও বিচারের অগ্রগতি নেই
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আগামী ১৮ ডিসেম্বর এর মধ্যে শহীদ ওসমান হাদী হত্যার বিচার না হলে ইনকিলাব মঞ্চ সারাদেশে কঠোর আন্দোলনের কর্মসূচি দিবে। ওসমান হাদী হত্যার এক বছর গত হলেও হত্যাকারীদের বিচারের আওতায় আনতে পারে পুলিশ প্রশাসন। আগামী ডিসেম্বরে খুনী হাসিনা দেশে আসার ঘোষণা দিয়েছে। হাসিনা যদি দেশে আসে তাহলে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে।’
দেশে নৈরাজ্য সৃষ্টি ও আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে ক্ষোভ
দেশের বর্তমান পরিস্থিতি ও নৈরাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আবদুল্লাহ আল জাবের আরো বলেন, ‘স্বৈরাচারীদের দোসর সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য নাশকতা সৃষ্টি করছে। বাসে আগুন, ককটেল নিক্ষেপ, খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই চালিয়ে আইন শৃঙ্খলার অবনতির ঘটনা এদেশের মানুষ মেনে নেবে না।’
সরকার ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা
প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বর্তমান ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছে। অন্তবর্তীকালীন সরকার ও বর্তমান বিএনপি সরকার হাসিনার পুলিশ বাহিনীকে এখনো পরিবর্তন করতে পারেনি। যার কারণে হাদি হত্যার বিচারও হচ্ছে না। এই পরিস্থিতির জন্য বিএনপি সরকারকে জবাবদিহি করতে হবে।’
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ
সমাবেশে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতারা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব তাসনিম ঝুমা, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রাফসান রকিব), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক নুর মোহাম্মদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সাফিন সরাজ।
এছাড়া পটিয়া এলাকা থেকে উপস্থিত ছিলেন সমন্বয়ক গোলাম মওলা মাশরাফ, আশরাফুল ইসলাম তৌকির, মাহাবুব উল্লাহ, মেহেরাজ আহমেদ, আবু বক্কর ছিদ্দিক তালহা, ফারহান ইসরাক ও শাহী রবিউলসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








