গ্রেনেড
গ্রেনেড সদৃশ বস্তু। নয়া দিগন্ত

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে গ্রেনেড সদৃশ দু’টি বস্তু উদ্ধারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এক পথচারী বস্তু দু’টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। এ সময় ভিআইপি লাউঞ্জে অবস্থান করা জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিরাপত্তার স্বার্থে পেছনের ফটক দিয়ে বের করে নেয়া হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বস্তু দু’টি ধ্বংস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহীতে অবতরণ করেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেন। এর প্রায় পাঁচ মিনিট পর বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে দু’টি সন্দেহজনক বস্তু দেখতে পান এক পথচারী। 

তিনি বিষয়টি সেখানে দায়িত্ব পালনরত এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির টহল দলের সদস্য এএসআই পলাশকে জানান। পরে এএসআই পলাশ বিষয়টি তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। একই সাথে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান ফটক বন্ধ করে দেন। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেয়া হয়।

এদিকে, গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি মন্ত্রীকে জানানো হলে নিরাপত্তার স্বার্থে তাকে বিমানবন্দরের মূল ফটক ব্যবহার না করে পেছনের গেট দিয়ে বের করে নেয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

পুলিশ সূত্র জানায়, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপরও বস্তু দুটি কখন বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রেনেড সদৃশ বস্তু দু’টি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তু দু’টি ধ্বংস করেন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো: গাজিউর রহমান জানান, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দু’টি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় বস্তু দু’টি ধ্বংস করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।