
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১০৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে এক রাতে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো.:লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, অভিযানে কোতোয়ালি মডেল থানা এলাকায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় নয়জন, চৌদ্দগ্রামে সাতজন, চান্দিনায় ছয়জন, বুড়িচংয়ে আটজন, ব্রাহ্মণপাড়ায় তিনজন, বরুড়ায় চারজন, লাকসামে সাতজন, মনোহরগঞ্জে দুইজন, নাঙ্গলকোটে ছয়জন, দাউদকান্দিতে ১২ জন, তিতাসে চারজন, হোমনায় তিনজন, মেঘনায় একজন, দেবিদ্বারে ছয়জন, মুরাদনগরে চারজন, বাঙ্গরায় একজন ও লালমাইয়ে সাতজনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আরও তিনজনকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এক রাতে জেলার ১৮টি থানা এলাকায় এ অভিযান চালানো হয়।’
তিনি আরও বলেন, ‘অভিযানে মোট ১০৭ জনকে গ্রেফেতার করা হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








