
খুলনার বটিয়াঘাটায় জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এছাড়া জেলার ফুলতলায় রেললাইনে আগুন জ্বালিয়ে স্লোগান দেয়ার ঘটনা ঘটেছে ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাঁচ যুবককে আগুন ধরিয়ে চলে যেতে দেখা যায়। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানিয়েছে পুলিশ।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, তিনটি মোটরসাইকেলে করে এসে পাঁচ যুবক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দেয় বলেও দাবি করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাস্থলে পেট্রোলের বোতল পাওয়া গেছে বলে জানায় তারা।
ঘটনার জন্য আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা। বটিয়াঘাটা থানা বিএনপির সদস্য সচিব মো: ফারুক তালুকদার বলেন, ‘ভোর সাড়ে ৬টার দিকে একটি দল মোটরসাইকেলে এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করছে। এসব ঘটনার সাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।’
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনটি মোটরসাইকেলে পাঁচ যুবক এসে কার্যালয়ের ব্যানারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে চলে গেছে। জড়িত ব্যক্তিরা শহর থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








