আগুন
চাঁদের গাড়ি। নয়া দিগন্ত

খাগড়াছড়িতে পার্কিংয়ে থাকা চাঁদের গাড়িতে (জীপ) আগুনের ঘটনা ঘটেছে।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে জেলা শহরের কেএসটিসি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। 

জানা যায়, স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মো: শাহিন বলেন, ‘পরিবারের উপার্জনের একমাত্র উপায় ছিল গাড়িটি। গতকাল রাতে ওই এলাকায় গাড়িটি রেখে এসেছিলাম। গভীর রাতে আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়িটি পুড়ে গেছে।’

গাড়িটি পুড়ে যাওয়ায় এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি। আগুনে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ‘রাতে খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর পর ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কায় কিসলু বলেন, ‘আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে নাশকতাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’