হত্যা
মৃত শহিদুল ইসলাম মনা। নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এ এন এম ইমরান খান। এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। 

গ্রেফতাররা হলেন হাসিনা আক্তার (৫২), তার মেয়ে নাজমা বেগম (২৪) ও আবুল হোসেন (৪৮)। 

স্থানীয় সূত্রে জানা যায়, নাদু মহুরী  বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে  আবুল কাশেমের পরিবারের সাথে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাত ৮টার দিকে আ: খালেক বুলুর পরিবারের দেয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে শহীদুল ইসলাম আ: খালেক বুলুর ছেলে মনার সাথে তার হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রাত সাড়ে ১১টার দিকে আবুল কাশেমের ছেলে আরমান ও ফুয়াদ শহীদুল ইসলাম মনাকে ছুরিকাঘাত করে। 

মনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে বোনের জামাই মামুন এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নিহতের বোনের জামাই মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ইমরান খান বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই মো: সাদেক হোসেন সাতজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় আরো দুই থেকে তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। ঘটনার পরপরই তিনজনকে আটক করে পুলিশ।’