
খাগড়াছড়ির গুইমারায় আগুনে পুড়ে গেছে বিএনপির কার্যালয়।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী। কিন্তু গভীর রাতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নেভানো সম্ভব হয়নি। খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে ততক্ষণে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়।
এদিকে আগুনের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ ইউনিয়ন বিএনপির নেতারা।
এ সময় বড়পিলাক এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা বিএনপি দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। ১০ নভেম্বর তারিখে ধর্মঘট ডেকে ত্রাসের রাজত্ব কায়েম করার অংশ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বলেন, ‘আগুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








