
কক্সবাজারের উখিয়ার ইনানিতে পানির সন্ধানে এক হাজার ফুট গভীরে খনন করা একটি নলকূপ থেকে অপ্রত্যাশিতভাবে গ্যাস ও পানির মিশ্রণ বেরিয়ে আসতে শুরু করে। এক পর্যায়ে সেখানে আগুন ধরে যায় এবং টানা তেরো দিন ধরে তা জ্বলছে।
বাপেক্সের পর্যবেক্ষণ ও ঝুঁকি :
বাপেক্সের প্রাথমিক পর্যবেক্ষণে নির্গত গ্যাসে তরল হাইড্রোকার্বন বা পেট্রোলিয়ামের উপস্থিতির সম্ভাবনা পাওয়া গেছে।
কেন আগুন নেভানো হচ্ছে না?
সাধারণ জনগণের চোখে গত ১৩ দিন ধরে জ্বলতে থাকা গ্যাস, দেশের সম্পদের প্রতি অবহেলা ও অপচয়কে ফুটিয়ে তুলেছে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দেশের সম্পদের প্রতি অবহেলার কারণেই মূলত বাপেক্স আগুনে জ্বলতে থাকা গ্যাস নির্গত হওয়ার পথটি বন্ধ করছে না। আবার অনেকে বলছেন বাংলাদেশের সক্ষমতা নেই বলে এতদিন ধরে আগুণ নেভানো হচ্ছে না।
এমন প্রশ্নের উত্তরে বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এস এম নাফিকুন আরহাম জানান, মাটির নিচে বিপুল চাপে থাকা এই গ্যাস জোরপূর্বক বন্ধ করলে তা অন্য কোনো দুর্বল পথ দিয়ে বেরিয়ে বড় ধরণের বিপর্যয় (ব্লো-আউট) ঘটাতে পারে। অতীতে সিলেটের হরিপুরে এমন ঘটনায় ড্রিলিং রিগ মাটির নিচে মিশে গিয়েছিল।
নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা :
আগুনের চারপাশের ২০০ মিটার এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং ১৫ দিন এলাকাটি নজরদারিতে রাখা হয়েছে। এর আগে ১৯৬৯ সালে শেল অয়েল এবং ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল এই অঞ্চলে অনুসন্ধান চালিয়েছিল। ১৯৯৬ সালে সাঙ্গু গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল। ইনানির এই ঘটনা নতুন করে আশার সঞ্চার করেছে।
বাপেক্স এলাকাটিতে থ্রিডি সিসমিক জরিপ এবং ল্যাবরেটরি পরীক্ষার পরিকল্পনা গ্রহণ করেছে। যদি বাণিজ্যিক উত্তোলনের উপযোগী হাইড্রোকার্বনের মজুত পাওয়া যায়, তবে তা বাংলাদেশের জ্বালানি অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে আশা করা হচ্ছে।
কক্সবাজার -৪ (উখিয়া টেকনাফ) আসনের সাংসদ শাহজাহান চৌধুরী বলেছেন, ‘আল্লহর অশেষ রহমতে আমাদের কক্সবাজার প্রাকৃতিক সম্পদে ভরপুর রয়েছে। উখিয়ার ইনানীতে গ্যাসের সন্ধান নিশ্চিত করা গেলে। পুরো বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লব ঘটবে। আমি খুবই আশাবাদী ইনানীতে গ্যাসের সন্ধান মিলবে।’
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, ‘একদিকে সমুদ্র অন্যদিকে পাহাড় মাঝখানে ইনানীতে গ্যাসের সন্ধান এই এলাকায় অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে। ফলে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে পাল্টে যেতে পারে উখিয়ার চিত্র। গভীর নলকূপ খননের বোরিং দিয়ে নির্গত গ্যাসে আগুন জ্বলা শুরু হয়ে তেরোদিন ধরে জ্বলছে। মাঝেমধ্যে আগুনের তীব্রতা বেড়ে যায়।’
স্থানীয়রা বলেন, এখানে গ্যাস ও জ্বালানি তেলের মজুতের সম্ভাবনা রয়েছে। বিগত ১৩ দিন ধরে উখিয়ার ইনানীতে জ্বলতে থাকা আগুন দেশের জ্বালানি অনুসন্ধানের সামনে নতুন এক প্রশ্নের উত্থাপন করেছে, পর্যটন নির্ভর ইনানী কী বাংলাদেশের জ্বালানী মানচিত্রেও নতুন করে জায়গা করে নেবে?
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








