লক্ষ্মীছড়িতে বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর আর্থিক অনুদান 
প্রধান অতিথির বক্তব্য রাখেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। নয়া দিগন্ত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে উপজেলায় কুশীনগর বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। পরিদর্শনকালে তিনি লক্ষ্মীছড়ি সেনা জোনের পক্ষ থেকে অনুষ্ঠানের সার্বিক ব্যয় নির্বাহের জন্য ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) বিকেলে তিনি বিহারটি পরিদর্শন করেন এবং উৎসবে অংশগ্রহণকারী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময় করেন।

প্রতি বছর প্রবারণা পূর্ণিমার পর কুশীনগর বন বিহারে উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান উদযাপন করা হয়। এ উপলক্ষে দূর-দূরান্ত থেকে চাকমা, মারমাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজারো পুণ্যার্থী বিহার প্রাঙ্গণে সমবেত হন। 

আয়োজকরা জানান, অনুষ্ঠানে জোন অধিনায়কের উপস্থিতি স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশকে আরো সুদৃঢ় করে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, ‘পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোন আপনাদের পাশে আছে। আগামীতেও স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক আয়োজনে সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক জোরদারে লক্ষ্মীছড়ি জোন ভূমিকা রাখবে।’