
সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টানানোকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা। পরে, শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষকে তার কক্ষে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রেখে তার পদত্যাগ দাবি করেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে কলেজের প্রধান ফটকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট কর্মসূচির সমর্থনে ব্যানার টানিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কলেজের অধ্যক্ষের কক্ষে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করেন এবং পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাথে কলেজ অধ্যক্ষের আতাঁত রয়েছে। এ কারণে তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।
অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মহীদুল হাসান বলেন, ‘কলেজে বোর্ড পরীক্ষা থাকায় আমি আমার কক্ষে অবস্থান করছিলাম। আমি এ বিষয়ে অবগত ছিলাম না। বিষয়টি পুলিশকে জানিয়েছি, পুলিশ ব্যবস্থা নেবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








