
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আকস্মিক ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে বিভিন্ন এলাকার ধর্মীয় মাহফিলের গেট-প্যান্ডেল এবং নির্বাচনী আগাম শুভেচ্ছা প্রচারণাসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কয়েক মিনিটের এ ঝোড়ে উপজেলার বিভিন্ন স্থানে এসব স্থাপনার ক্ষয়ক্ষতি হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরের পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। বেলা সাড়ে ৩টার দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এতে সাজঘর আল মদিনা জামে মসজিদ মাঠে আয়োজিত মাহফিলের গেট ও প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া, চারিপাড়া বাজারে আগাম নির্বাচনী প্রচারণার গেট ও ব্রাহ্মণপাড়া সদরের একটি মাহফিলের গেট ভেঙে যায়। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার ভর্তি কার্যক্রমের প্রচারণায় নির্মিত গেট, তোরণ, ব্যানার ও ফেস্টুনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারসামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
আকস্মিক ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ে ছুটে যান। বাতাসের তীব্রতায় কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, ঝোড়ো হাওয়া ও বৃষ্টি থেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন ও আয়োজকরা নিজেদের উদ্যোগে ভেঙে পড়া গেট, প্যান্ডেল ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেয়ার কাজ শুরু করেন। এ সময় মাহফিলের আয়োজকরাও ক্ষতিগ্রস্ত প্যান্ডেল ও গেট মেরামতের কাজ শুরু করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








