
সাভার মডেল কলেজের একাদশ শ্রেণির ৩১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার শাহীবাগে অবস্থিত কলেজের নিজস্ব ক্যাম্পাসে ২০২৬-২০২৭ সেশনের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ড. মো: ইলিয়াস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের এমপি ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি বলেন, ‘বিএনপি একটি শিক্ষাবান্ধব সরকার। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন রাজনীতি করে সম্মানজনকভাবে বিদায় নিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে বিরল।’
সালাউদ্দিন বাবু এমপি বলেন, ‘বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে মেয়েদের শিক্ষাকে এগিয়ে নিতে সরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এসএসসি পর্যন্ত বেতন মওকুফ ও উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন এবং ২০০১ সালে তা এইচএসসি পর্যন্ত উন্নীত করেন। এবার আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, অনার্স পর্যন্ত মেয়েদের পড়াশোনায় কোনো খরচ লাগবে না।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের কাজ প্রধানত তিনটি। প্রথমত পড়াশোনা, দ্বিতীয়ত পড়াশোনা ও তৃতীয়ত পড়াশোনা। যেহেতু, তোমরা ভালো ফলাফল করে এখানে ভর্তি হয়েছ, আগামীতেও ভালো ফলাফল করতে হবে। পাশাপাশি, তোমাদেরকে প্রকৃত মানুষ ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হতে হবে।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো: ইলিয়াস মোল্লা এমপি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত মনুষ্যত্বের বিকাশ ঘটানো এবং কুপ্রবৃত্তি দূর করা। শিক্ষকদের পাশাপাশি তোমাদেরও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, যাতে দেশপ্রেমিক নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখতে পারো।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক দিদারুল আলম মহসিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন এবং শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মানবিক বিভাগের বিভাগীয় প্রধান আল-সাদ আসাদুজ্জামান জীম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী সিয়াম এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে নুসরাত জাহান ও নীরব আহমেদ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








