
নড়াইলের লোহাগড়ায় পারিবারিক বিরোধের জেরে আফছার শেখ (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
মামলা দায়েরের পর সোমবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ অভিযুক্ত খায়রুলের স্ত্রী জুঁই বেগম ও মা আনোয়ারা বেগমকে গ্রেফতার করে। তবে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত খায়রুল শেখ এখনো পলাতক রয়েছেন।
এদিকে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৫), তার স্ত্রী জুঁই বেগম (২০) ও মা আনোয়ারা বেগমকে (৫২) আসামি করে নিহতের বড় ছেলে মো: শামিম শেখ শনিবার (৭ নভেম্বর) রাতে থানায় একটি হত্যা মামলার দায়ের করেন।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে নিজ বাড়িতে আফছার শেখের ওপর হামলার ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে ছেলে খায়রুল শেখ ধারালো বটি দিয়ে তার বাবাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় আফছার শেখের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্য ও এলাকাবাসী ছুটে আসেন। আহত আফসারকে হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে ঘটনাস্থলে তিনি মারা যান।
এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে স্থানীয়রা অভিযুক্ত খায়রুলের স্ত্রী জুঁই বেগম ও মা আনোয়ারা বেগমকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়। পরে মামলা দায়েরের পর আজ সোমবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি খায়রুল এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করার জোর চেষ্টা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








