
চাঁদপুরের মতলবে ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে মতলব পৌরসভার নবকলস এলাকার খান বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিহতের চাচাতো ভাই মোতালেব হোসেন খান বলেন, ছোট ভাই মোহাম্মদ হোসেন খান (৫৫) দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ভাড়াবাড়িতে তার মৃত্যু হয়। সেখানে জোহরের নামাজের পর প্রথম জানাজা শেষে তাকে নিজ বাড়িতে আনা হয়। এখানে বিকেল ৩টার দিকে দ্বিতীয় জানাজা শেষে দাফনের আয়োজন করা হয়। কিন্তু এ সময় ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাই মোহাম্মদ হাসেম খানও (৬০) মারা যান।
নিহতের ভাতিজা রাহি খান বলেন, আমার ছোট চাচা হাসান খান আজ সকালে দীর্ঘদিনের অসুস্থতার পর মারা যান। ছোট চাচাকে বাড়িতে আনা হলে বড় চাচা চিৎকার করে বলেন, ‘হে আল্লাহ আপনি আমার ভাইকে না নিয়ে আমারে নিয়ে যাইতেন।’ এরপর তিনি অচেতন হয়ে পড়েন। আধা ঘণ্টার ব্যবধানে বড় চাচা হাসেম খানও বিকেল ৩টার দিকে মারা যান।
তিনি আরো বলেন, বড় চাচার দুই ছেলে ও এক মেয়ে এবং ছোট চাচার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। আর ওনারা চার ভাই ছিলেন।
নবকলস এলাকার সোহেল প্রধান বলেন, একদিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। দুই ভাইকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।
এদিকে এশার নামাজ শেষে দাগন প্রধানীয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দুই সহোদর ভাইয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে একসাথে দাফন করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








