
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী বছর থেকে সম্মাননা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
সোমবার (৯ নভেম্বর) সকালে নগর ভবনের সিটি হলরুমে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
মতবিনিময় সভায় প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন তিনি।’
তিনি বলেন, ‘সিটি করপোরেশনের উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রম আরো গতিশীল করতে রাজস্ব আয় বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের আরো আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘নিয়মিত কর প্রদানকারীদের যথাযথ মূল্যায়ন ও অন্যদের কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
রাসিক প্রশাসক বলেন, ‘নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সবার সহযোগিতায় রাজশাহীকে আরো পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।’
সভায় রাজস্ব বিভাগের সার্বিক কার্যক্রম, রাজস্ব আদায় বৃদ্ধি, বকেয়া কর আদায় এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সিটি করপোরেশনের সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নূর-ঈ সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








