
গাজীপুরের শ্রীপুরে অন্যের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা, সংসার ভাঙার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে শ্রীপুর পৌর যুবদলের সদস্যসচিব ও গাজীপুর জেলা যুবদলের সদস্য আবু তাহের প্রধানের বিরুদ্ধে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে গাজীপুর জেলা যুবদলের আহবায়ক ও সদস্যসচিবের মাধ্যমে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারীর স্বামী মো: আলমগীর হোসেন।
গত ২০ অক্টোবর দেয়া লিখিত অভিযোগে আলমগীর হোসেন উল্লেখ করেন, ‘তিনি ও তার স্ত্রী প্রায় পাঁচ বছর ধরে শ্রীপুর উপজেলার বহেয়ার চালা নতুন বাজার এলাকায় ভিমটেক্স গার্মেন্টের পাশে যুবদল নেতা আবু তাহের প্রধানের বাড়িতে ভাড়া থাকতেন। কাজের প্রয়োজনে তাকে দিনের বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতে হতো। এ সুযোগে বাড়ির মালিক আবু তাহের তার স্ত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে আর্থিক সুবিধা, বিয়ের প্রলোভন ও বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগে দাবি করা হয়।
অভিযোগে আরো বলা হয়, ‘আবু তাহের প্রধান তার রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দাপট দেখিয়ে ওই নারীকে ভয়ভীতি প্রদর্শন করতেন। এমনকি তাকে স্বামীর সংসার ছেড়ে দেয়ার জন্য চাপ দেয়া হয়। প্রয়োজনে স্বামীকে হত্যা করে পথের কাঁটা সরিয়ে ফেলার পরিকল্পনার কথাও বলা হয়েছে অভিযোগপত্রে।
আলমগীর হোসেন জানান, তাদের ১২ বছরের দাম্পত্য জীবনে নয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘদিনের সংসারে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তিনি ও তার পরিবার ভয়াবহ মানসিক ও পারিবারিক সঙ্কটে পড়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে আবু তাহের প্রধানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা বলেন, ‘ভুক্তভোগী কেন্দ্রীয় যুবদলের কাছে একটি অভিযোগ দিয়েছেন। সেখানে অভিযোগটি জেলা যুবদলের মাধ্যমে পাঠানোর কথা উল্লেখ রয়েছে। অভিযোগের সাথে কিছু নথিপত্রও জেলা কমিটিকে দেয়া হয়েছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে ব্যস্ত থাকায় এখনো বিষয়টি খতিয়ে দেখা সম্ভব হয়নি। তবে আগামী দুই-এক দিনের মধ্যে তদন্ত করে কেন্দ্রীয় কমিটিতে প্রতিবেদন দেয়া হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের বিষয়ে জাতীয়তাবাদী যুবদলের অবস্থান কঠোর ও স্বচ্ছ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








