
চট্টগ্রামের লোহাগাড়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে নুরুল আলম (৫৫) নামে এক চালকের ওপর নৃশংস হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে তার অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের পশ্চিম তৈবারের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত সাড়ে ৮টার সময় পশ্চিম তৈবারের পাড়া বায়তুল মামুর জামে মসজিদের উত্তর পাশে নুরুল আলমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তার গলায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার চেষ্টা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহত নুরুল আলম সাতকানিয়া পৌরসভার মাইজপাড়া এলাকার মরহুম কবির আহমদের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই নুর উদ্দিন জানান, খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








