দুদক
দুদকের অভিযান। নয়া দিগন্ত

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদকের অভিযান শুরুর আগেই অভিযোগের মুখে থাকা আনসার সদস্যরা বদলি নিয়ে কর্মস্থল ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ করেছে দুদকের অভিযান পরিচালনাকারী দল।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পাসপোর্ট অফিসের বিভিন্ন কার্যক্রম ও সেবার পরিবেশ খতিয়ে দেখেন দুদকের কর্মকর্তারা। এ সময় দালালচক্রের সদস্য বলে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের প্রতিনিধি দলের অভিযোগ, অভিযানের খবর পেয়ে কিংবা অভিযান শুরুর আগেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আনসার সদস্যরা বদলি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। ফলে তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

অভিযান পরিচালনাকারী দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাকির হোসেন এ তথ্য জানান।

পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা ও দুর্নীতির অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।