গুলি
গুলিবিদ্ধ খাইরুল। নয়া দিগন্ত

কুষ্টিয়ার খোকসায় নদীপথে নৌকায় করে পার হওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে খাইরুল নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তির শরীরে অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। 

Advertisement

রোববার (৮ নভেম্বর) রাতে নদীতে নৌকায় পারাপারের সময় এ ঘটনা ঘটে। 

আহত খাইরুল ওসমানপুর গ্রামের ইমারত আলী শেখের ছেলে। 

জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: রুমন জানান, আহত খাইরুলের শরীরে অস্ত্রোপচার করতে হবে। 

পুলিশ, আহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ওসমানপুর খেয়াঘাট দিয়ে নৌকায় নদী পার হচ্ছিলেন খাইরুলসহ কয়েকজন। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া আরেকটি নৌকা থেকে গুলি ছোড়া হয়। এতে খাইরুলের পেটে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

খাইরুলের বড় ভাই অভিযোগ করে বলেন, ‘ভাই নৌকায় নদী পার হওয়ার সময় রাজন ও তার বাহিনীর লোকজন গুলি চালায়। দীর্ঘদিন ধরে রাজন বাহিনী এলাকায় নানা ধরনের অত্যাচার চালিয়ে আসছে।’ 

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। 

ঘটনাটি নতুন করে নদীপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এর আগে গত ১১ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়া ও মাধবপুর-সংলগ্ন পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দু’টি স্পিডবোটে আগুন দেয়ার ঘটনাও ঘটে। পরে ২৮ অক্টোবর কুষ্টিয়া-পাবনা সীমান্তসংলগ্ন পদ্মা নদীতে কাকন ও কালু বাহিনীর মধ্যে প্রায় চার ঘণ্টা ধরে গোলাগুলি হয়।  

নদীপথে একের পর এক এমন সশস্ত্র সংঘাত এবং সাধারণ মানুষের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

এদিকে অভিযুক্ত রাজনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’