
চিকিৎসক সঙ্কটে ভুগছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এখানে ৩৩টি পদের বিপরীতে আছেন মাত্র দুইজন চিকিৎসক। এর মধ্যে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত থাকলেও তাদের বসার জন্য আলাদা কক্ষ না থাকায় তাদের কাছ থেকে রোগীরা সেবা পাচ্ছেন না। চিকিৎসক সঙ্কটের কারণে রোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত সেবা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। চিকিৎসক সঙ্কটের ফলে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, কুলাউড়া উপজেলা একটি বৃহৎ উপজেলা। এই উপজেলার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের একমাত্র ভরসাস্থল হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। এই হাসপাতালে কয়েক মাস ধরে চিকিৎসক ও জনবল সঙ্কট থাকার কারণে কোনমতে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা সেবা। বিভিন্ন সময় এই হাসপাতালে মেডিক্যাল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেয়া হলেও কিছুদিনের মধ্যেই বদলি হয়ে অন্যত্র চলে যান চিকিৎসকরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে মোট ৩৩টি পদের মধ্যে তিনটি পদে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আবদুর রহমান, মেডিক্যাল অফিসার মোছাদ্দিক হোসেন কর্মরত আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে একমাত্র চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা: ইকবাল বাহার সপ্তাহে রবি ও বৃহস্পতিবার দায়িত্ব পালন করছেন আর বাকি চারদিন সিলেট শামছুদ্দিন হাসপাতালে থাকেন।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা: এ এফ এম রেজাউল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডা: মৃনাল সাহা, অর্থোপেডিক্স সার্জারি বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ মাসউদুর রহমান, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: আবু বকর নাসের রাশু হাসপাতালে কর্মরত রয়েছেন। কিন্তু রোগী দেখার জন্য তাদের কোনো রুম বরাদ্দ নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমে বসে বসে দায়িত্ব পালন করে চলে যান।
ডা: মোহাম্মদ মাসউদুর রহমান ও জুনিয়র কনসালটেন্ট সার্জারী বিশেষজ্ঞ ডা: মো: সাদেকুল আলম প্রেষণে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত রয়েছেন। অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ ডা: আমিনুল ইসলাম প্রেষণে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ও সহকারী ডেন্টাল সার্জন মো: নাহিদ ইসলাম প্রেষণে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। এছাড়া শুন্য পদের মধ্যে রয়েছে ইএনটি, চক্ষু, গাইনী, সহকারী সার্জন দুই, মেডিক্যাল অফিসার তিন, এ্যানেসথেনিস্ট এক, ইমার্জেন্সী মেডিক্যাল অফিসার তিন, সহকারী সার্জন গাইনী এক, সহকারী সার্জন চক্ষু এক, মেডিক্যাল অফিসার আয়ূর্বেদিক এক, প্যাথলজিস্ট এক ও আবাসিক মেডিক্যাল অফিসার পদ।
গড়ে প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে ৩০০ রোগী, আবাসিক ও বহিঃর্বিভাগে গড়ে ৬০০ থেকে ৮০০ মানুষ চিকিৎসা নিতে আসেন। সেবা নিতে এসে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শত শত রোগী হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে দাঁড়িয়ে টিকেট করছেন। সংশ্লিষ্ট বিভাগের ডাক্তারকে অনেকেই দেখাতে পারছেন না। এসব রোগীদের মেডিক্যাল অফিসার ডা: মো: মুসাদ্দিক হোসেন ও ডা: আবদুর রহমান আয়েজ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
মাত্র দুইজন চিকিৎসক দিয়ে এত মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এছাড়াও বিভিন্ন কর্মশালা, জেলা কিংবা উপজেলা সদরে বিভিন্ন মিটিংয়ে ইউএইচএফপিও ও আরএমও অংশগ্রহণ করেন। তখন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। দ্রুত গতিতে চিকিৎসক সঙ্কট ও সমস্যা সমাধানের দাবী জানায় ভুক্তভোগীসহ কুলাউড়ার সচেতনমহল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস বলেন, চিকিৎসক ও লোকবল সঙ্কটের কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তবুও সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চিকিৎসক সঙ্কটের কারণে চাহিদা চেয়ে এবং প্রেষণে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের আদেশ বাতিলের জন্য সিভিল সার্জনের কাছে আবেদন দেয়া হয়েছে।
মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: জাকির হোসেন বলেন, ‘জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক সঙ্কটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে গিয়ে চিকিৎসক সঙ্কটের বিষয়টি আলোচনা করেছি। খুব শীঘ্রই মৌলভীবাজারে বেশ কিছু সংখ্যক চিকিৎসক পদায়ন করা হবে। এরপর কুলাউড়াসহ অন্য উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসক পদায়ন করা হবে।
কুলাউড়া আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: শওকতুল ইসলাম শকু বলেন, ‘এমপি নির্বাচিত হওয়ার পর কুলাউড়া হাসপাতালের চিকিৎসক ও জনবল সঙ্কটসহ হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য সংসদে জোরালো দাবি জানাই। এরপর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের বিভিন্ন উপজেলাসহ সিলেট বিভাগের তিনটি উপজেলার মধ্যে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের জন্য কার্যক্রম হাতে নিয়েছেন। ইতিমধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। চিকিৎসক ও জনবল সঙ্কটের বিষয়টি পুনরায় সংসদে উত্থাপন করব।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








