রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজ, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, এইচএসসি, রেজাল্ট
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজ ও তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে গাজীপুরে ভালো ফল করেছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজের ৫৮৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জেলায় একমাত্র প্রতিষ্ঠান হিসেবে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে কলেজটি। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে সর্বোচ্চ ৩৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে দেশসেরা সাফল্য ধরে রেখেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। প্রতিষ্ঠানটির এক হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৪০৩ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ৭১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৬৪ জন।

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৯৫ জন। পাসের হার ৯৭ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন। মহানগরীর কোনাবাড়ীর এমইএইচ আরিফ কলেজে ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১৩ জন পাস করেছে। পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।

টঙ্গীর সফিউদ্দিন সরকার অ্যাকাডেমি অ্যান্ড কলেজে ৩৯৫ জনের মধ্যে ৩৬৭ জন পাস করেছে। পাসের হার ৯২ দশমিক ৯১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। গাজীপুর সরকারি মহিলা কলেজে এক হাজার ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ১২ জন পাস করেছে ও জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন।

টঙ্গী সরকারি কলেজে ৬৯ দশমিক ৫৫ শতাংশ পাশের হার নিয়ে ৬০১ জনের মধ্যে ৪১৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ৬০২ জন পাস করেছে, যেখানে পাসের হার ৬২ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ জন।

টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজে ১৫২ জনের মধ্যে ১১৩ জন পাস করেছে। পাসের হার ৭৪ দশমিক ৩৪ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে দুজন। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে ৫৩ দশমিক ৫৯ শতাংশ পাশের হার নিয়ে ২৬৯ জন পাস করেছে ও জিপিএ-৫ পেয়েছে একজন। টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ২৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪১ জন। পাসের হার ৪৮ দশমিক ৭৯ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

অন্যদিকে গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজের ফলাফল তুলনামূলকভাবে হতাশাজনক। প্রতিষ্ঠানটির এক হাজার ২৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৫১৭ জন। পাসের হার ৪০ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন।

সামগ্রিক ফলাফলে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজের শতভাগ পাস ও তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার বিপুলসংখ্যক জিপিএ-৫ গাজীপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ওঠে এসেছে।