
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে পারলে জনকল্যাণ নিশ্চিত হবে। জনগণের কাছে গিয়ে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিপরীতে সৎ ও যোগ্য প্রার্থীর উপযুক্ততা তুলে ধরতে হবে।’
তিনি বলেন, ‘মানুষ এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের চিনে ফেলেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রমে এগিয়ে যেতে হবে।’
শুক্রবার (৩০ অক্টোবর) রাঙামাটির লংগদুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাহজাহান চৌধুরী বলেন, ‘সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি জনকল্যাণমূলক কাজের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘জনগণের আস্থা অর্জন করতে হলে মানুষের কাছে যেতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে জনসমর্থন গড়ে তুলতে হবে।’ এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান।
উপজেলা জামায়াতের উদ্যোগে লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলার সাত ইউনিয়নের মধ্যে চারটিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীরা হলেন— বগাচতর ইউনিয়নে ডা: ছিদ্দিকুর রহমান খোকন, গুলশাখালী ইউনিয়নে মাওলানা আশরাফুল ইসলাম, কালাপাকুজ্জা ইউনিয়নে মাওলানা মাঈনুদ্দীন ও মাইনীমুখ ইউনিয়নে মাওলানা নাছির উদ্দীন।
উপজেলা নায়েবে আমির মাওলানা এ এল এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান ও রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলিম। উপজেলা সেক্রেটারি তাজ মাহমুদের সঞ্চালনায় সভায় জেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় চার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণার মধ্য দিয়ে লংগদুতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতির বিষয়টি সামনে আসে।
এর আগে লংগদু সফরের শুরুতে শাহজাহান চৌধুরী পাকুয়াখালী ট্র্যাজেডিতে নিহত ব্যক্তিদের গণকবরে গিয়ে জিয়ারত করেন। এছাড়া তিনি নারী সমাবেশে বক্তব্য দেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








