
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে একসাথে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউলের ছেলে শাওন (২২) ও শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮); নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), শাহজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
আহত দুজন হলেন ধবধপিয়া গ্রামের হানিফের ১৪ বছর বয়সি ছেলে এবং গজমতি গ্রামের আতাপের ছেলে রিপন (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা শুক্রবার বিকেলে সোনাপাতিল বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা তড়িঘড়ি করে বাড়ির উদ্দেশে রওনা হন। বৃষ্টি বেশি শুরু হলে আটজন বিলের একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরো দুজন।
গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। ছয়জনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় অবস্থিত। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের কাজ চলছে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ বিষয়ে বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








