বালু নদীর সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন
বালু নদীর সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন। নয়া দিগন্ত

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সীমান্তবর্তী রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া-নগরপাড়া এলাকায় ২৩ বছর ধরে নির্মাণাধীন বালু নদীর সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সেতুর সংযোগ সড়কের উপর আয়োজিত মানববন্ধন-পূর্বক সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আহসান উল্লাহ।

সভায় বক্তব্য রাখেন পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক, ইলিয়াছ আলী, হোসেন ব্যাপারী, সামসুদ্দিন, রফিকুল ইসলাম রফিক, গোলজার হোসেন, অ্যাডভোকেট নাজমুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহীত প্রকল্প বালু নদীর সেতুর নির্মাণকাজ ২০০৩ সালে শুরু হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন ৭৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় পাঁচ কোটি ৮০ লাখ টাকা।

তবে, গত ২৩ বছর পেরিয়ে গেলেও সেতুটির নির্মাণকাজ শেষ হয়নি। অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সেতুর নির্মাণকাজ শেষ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরপাড়া এলাকা প্রদক্ষিণ করেন।

উল্লেখ্য, বালু নদীর উপর নির্মিত সেতুটির নির্মাণকাজ শেষ হলে ঢাকার পূর্ব মাদারটেক, সবুজবাগ হয়ে সিলেট ও চট্টগ্রামসহ ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকায় সহজেই আসা-যাওয়া করা যাবে। সেইদিক থেকে বালু নদীর সেতুটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ।