
ঢাকার আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে সাইদুর রহমান (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: রাকিবুল হাসান ইশান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহত সাইদুর লালমনিরহাট সদর উপজেলার পাঠানটারি এলাকায় রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়ার ধলপুর এলাকার বাসিন্দা রকি দেওয়ানের (২৬) সাথে একই গ্রামের হাফিজুর রহমানের (৪৫) দীর্ঘদিন শত্রুতা চলে আসছিল। এ বিরোধের জের বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাফিজুরের ছেলে আসিফ (২৩) ও তার সহযোগী কামরুল (৩৩) মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে যান। পরে রকিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন। এ সময় একটি গুলি রকির সাথে থাকা সাইদুরের বাম পায়ের হাঁটুর ওপরে গিয়ে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








