মানবপাচার
গ্রেফতার হানিফ মিয়া। নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুরে দুই নারীকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে করা মামলার এজাহারনামীয় আসামি হানিফ মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আলুবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার হানিফ মিয়া ওই উপজেলার ডিবির হাওর গ্রামের মরহুম ছায়েদ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর নড়াইলের সদর থানাধীন বাহিরগ্রাম এলাকার বাসিন্দা সাগরিকা বেগম (৩৯) সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার শরিফ জিয়ারত করতে আসেন। সেখানে নাছরিন বেগম নামে আরেক নারীর সাথে তার পরিচয় হয়। পরে তারা একসাথে জাফলং ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এ সময় জাফলং পৌঁছে দেয়ার কথা বলে অভিযুক্তরা তাদের একটি মাইক্রোবাসে তোলে। পরবর্তীতে তাদের ভারতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখানো হয়।

একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তাদের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডিবির হাওর এলাকার শাপলা বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে হানিফ মিয়াসহ কয়েকজন তাদের ভারতে পাঠানোর জন্য নানা ধরনের প্রলোভন দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

পরবর্তীতে ভারতে পাচারের আশঙ্কায় দুই নারী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন এবং সাগরিকা বেগম জৈন্তাপুর মডেল থানায় মামলা করেন।

এ ঘটনায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে। গ্রেফতার হানিফ মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে মানবপাচার সংক্রান্ত আরো পাঁচটি মামলা রয়েছে।’