নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, শিবচরে মোটরসাইকেল চালক নিহত
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। নয়া দিগন্ত

মাদারীপুরে শিবচরে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাকিবুল ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে শিবচর উপজেলার সন্ন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাকিব মোটরসাইকেল চালিয়ে খাসেরহাট বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সন্ন্যাসীরচর এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় রাকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এ ঘটনায় রাকিব গুরুতর আহত হন। 

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন।