
বরগুনার বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নয়া দিগন্তের বেতাগী উপজেলা সংবাদদাতা মো. কামাল হোসেন খান ও বিবিচিনি নিয়ামতি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জাকির হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান কবির, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: শাহাদাত হোসেন মুন্না, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নূরুল ইসলাম পান্না।
সভায় আগামীর সময়ের প্রতিনিধি মো. শামীম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান, কালবেলার প্রতিনিধি মো. মেহেদী হাসান কোয়েল সিকদার, আমার দেশের প্রতিনিধি মো. মিজানুর রহমান ডব্লিউ, কালের কণ্ঠের প্রতিনিধি স্বপন কুমার ঢালী, যুবদল নেতা আরাফাত হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আল আমিন সিকদার ও সাধারণ সম্পাদক আমিন মোর্শেদ রুহুল প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম দেশ, জাতি ও সমাজের নানা সমস্যা, সম্ভাবনা এবং অসংগতির চিত্র মানুষের সামনে তুলে ধরে। নয়া দিগন্ত দীর্ঘ ২২ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থার জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্যের বিস্তারের এ যুগে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অনেক বেড়ে গেছে। এ পরিস্থিতিতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং জনস্বার্থকে প্রাধান্য দেয়া জরুরি।
বক্তারা আশা প্রকাশ করেন, নয়া দিগন্ত ভবিষ্যতেও সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটা হয় এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








