
নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি একনলা বন্দুক, বন্দুকের বিভিন্ন অংশ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মো: সাইফুল ইসলাম ওরফে শাকের (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো: আরিফ হোসেন।
এর আগে, বুধবার সন্ধ্যায় উপজেলার দেওটি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির একটি কাচারিঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল ইসলাম ওই এলাকার আকরাম উদ্দিন হাজী বাড়ির মুমিন উল্লার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো: আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে ডিবির উপপরিদর্শক (এসআই) মো: ওসমান গনি পুলিশের একটি দল নিয়ে উপজেলার দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়িতে এ অভিযান চালায়। অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক, বন্দুকের কাঠের বাট, লোহার বাট ও বডির বিভিন্ন অংশ, ট্রিগার, বোল্ট এবং স্টেইনলেস স্টিলের আটটি ছোট-বড় অংশ উদ্ধার করা হয়। এ ছাড়া অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত তিনটি প্লাস, তার, একটি গ্রাইন্ডিং মেশিন ও তিনটি রেত উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








