
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে অপর বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে শিবচরের সীমানা সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫৫)। তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার আব্দুস সাত্তার হাওলাদারের ছেলে। এছাড়া নজরুল ইসলাম নড়াইল এক্সপ্রেস বাসের সুপারভাইজার বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে কুতুবপুর সীমানা সংলগ্ন নাওডোবা এলাকায় সড়কে দাঁড়িয়েছিল। এ অবস্থায় পেছন থেকে আসা ঢাকাগামী ‘এনা’ পরিবহনের অপর একটি বাস সজোরে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা বাসটিকে।
এতে ঘটনাস্থলেই নড়াইল এক্সপ্রেসের সুপারভাইজার নজরুল ইসলাম মারা যান। এছাড়া দুই বাসের অন্তত পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পদ্মা দক্ষিণ থানা পুলিশ জানায়, পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছে।
শিবচর হাইওয়ে থানার এসআই মুনতাসির রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








