গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ গফরগাঁও উপজেলা যুবদল বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করে। নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলা যুবদল এসব কর্মসূচি আয়োজন করে।  

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দক্ষিণ গফরগাঁওয়ের কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়।

সমাবেশে যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভিশন বাস্তবায়নে যুবদল আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি বলেন, মাদক সমাজকে ধ্বংস করে, তাই যুবসমাজকে চাঁদাবাজি ও মাদক থেকে দূরে রাখতে হবে। কোনো মাদককারবারি ও চাঁদাবাজের তারেক রহমানের আদর্শের সংগঠন যুবদলে ঠাঁই হবে না। যুবদল নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জনগণের আস্থা অর্জন করতে হবে।

অবিভক্ত গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: এমদাদুল হক এমদাদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য সারোয়ার আলমের পরিচালনায় সমাবেশে অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো: ইসহাক, দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিনসহ দলের নেতার বক্তব্য রাখেন।

অন্যদিকে, বুধবার রাতে গফরগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপি কার্যালয থেকে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজারের পাটমহল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, যুবদল বিএনপির অন্যতম প্রধান শক্তি এবং আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতা-কর্মীদের ভূমিকা অপরিসীম।

অবিভক্ত গফরগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার মোহাম্মদ খুররমের সভাপতিত্বে ও উপজেলা যুবদল সদস্য মো: আনসারুল ইসলামের পরিচালনায় সভায় গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো: ফজলুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুনসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।