
১১ দলীয় ঐক্যের খুলনা লংমার্চে বাগেরহাটের কাটাখালীতে পথসভা অনুষ্ঠিত হবে। আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ লংমার্চ শুরু হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাগেরহাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতারা এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ ক্ষমতা দখলের আন্দোলন নয়, বরং জনগণের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচি। খুলনা ও কুষ্টিয়াসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দুর্দশা, আঞ্চলিক উন্নয়ন এবং জাতীয় স্বার্থ রক্ষায় এ কর্মসূচি ঘোষণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠস্বর আরো শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।
বক্তারা বলেন, ঢাকা, খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রস্তুতি সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ লংমার্চের দাবির যৌক্তিকতা তুলে ধরবে। দেশের উন্নয়ন, শান্তি ও অধিকার প্রতিষ্ঠার এ শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নিতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের প্রতি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে নেতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার এ কর্মসূচির প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
বক্তারা বলেন, বাগেরহাট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ জেলা। মোংলা বন্দর ও সুন্দরবন কেন্দ্রিক এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, খুলনার সাথে বাগেরহাটের নিবিড় যোগাযোগ, স্থানীয় কৃষি, মৎস্যজীবীদের ন্যায্য অধিকার এবং আঞ্চলিক উন্নয়নের বিষয়গুলো কাটাখালী গোলচত্বরের পথসভায় তুলে ধরা হবে।
তারা বলেন, আগামী ৩১ অক্টোবরের কর্মসূচির মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রতিটি জেলা ও মহাসড়কে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ , বাগেরহাট-১ আসনের এমপি অধ্যক্ষ মশিউর রহমান, এনসিপির সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, জেলা সেক্রেটারি মো: ইউনুস আলী, জামায়াতের জেলা সহ-সেক্রেটারি মো: মোস্তাইন বিল্লাহ, বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি মোহাম্মদ রুহুল আমিনসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








