হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী। নয়া দিগন্ত

সিলেটে থামছেই না ডেঙ্গুর প্রকোপ। আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরো ১১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৬ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ১১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, মাধবুপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, হবিগঞ্জ সদর হাসপাতালে একজন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও মৌলভীবাজার সদর হাসপাতালে একজন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৬২ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, হবিগঞ্জ সদর হাসপাতালে সাতজন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে দু’জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিভাগে ডেঙ্গু শনাক্ত ৮৪৬ জনের মধ্যে হবিগঞ্জে ৩৫৮ জন, সুনামগঞ্জে ১৯৩ জন, সিলেটে ১৮৭ জন ও মৌলভীবাজারে ৭৮ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ৩০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ২৫ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৪ বছর বয়সী শিশু ফারদিন আহমদ।

এর আগে গত ১৮ অক্টোবর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২)।

গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছলিমা বেগম (৬০) ও ৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) মারা যান।

এর আগে ২ আগস্ট সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।