
নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ (রূপালী বাংলাদেশ), সহ-সভাপতি আব্দুল আজিজ জামালী (দৈনিক সংগ্রাম), যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (সকালের সময়) ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খান (মুক্তকাল)।
মাদারগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একজন সাংবাদিককে হত্যা শুধু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি নয়, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্যও হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে যেন হত্যার শিকার হতে না হয়, সেই জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং বিচারিক প্রক্রিয়া শেষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক হত্যায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ যেন রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব খাটিয়ে পার পেয়ে না যায়, সেই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
মানববন্ধনে মাদারগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (নতুন জামালপুর), অর্থবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম মুছা (সংগ্রাম প্রতিদিন), দফতর সম্পাদক ইয়াসির হোসাইন (নয়া দিগন্ত) ও সদস্য তোফায়েল হোসেন মুকুল (জনবাণী) উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








