কিউ-১ ও কিউ-২ মানের জার্নালে গবেষণাপত্র প্রকাশের স্বীকৃতিস্বরূপ সনদপ্রাপ্ত আট গবেষক
কিউ-১ ও কিউ-২ মানের জার্নালে গবেষণাপত্র প্রকাশের স্বীকৃতিস্বরূপ সনদপ্রাপ্ত আট গবেষক। নয়া দিগন্ত

গবেষণা ও প্রকাশনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) তিন শিক্ষককে ‘রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে। এছাড়া কিউ-১ ও কিউ-২ মানের জার্নালে গবেষণাপত্র প্রকাশের স্বীকৃতিস্বরূপ আরো আট গবেষককে সনদ ও নগদ সম্মানী দেয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন বাইউস্টের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল উদ্দিন কমল।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা সেল আয়োজিত ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইনডেক্সড জার্নালে প্রকাশিত গবেষণাপত্র ও সর্বাধিক সাইটেশনপ্রাপ্ত গবেষকদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়া হয়।

গবেষণাপত্রের মূল্যায়ন ও প্রকাশনার সাফল্যের ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। ‘হাই ইমপ্যাক্ট পাবলিকেশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রেবেকা সুলতানা। ‘মোস্ট সাইটেড আর্টিকেল অ্যাওয়ার্ড’ পেয়েছেন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের পদার্থবিদ্যার সহযোগী অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম। আর ‘টপ রিসার্চার কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড’ পেয়েছেন সিএসসি বিভাগের সহকারী অধ্যাপক হাসান আবদুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল উদ্দিন কমল বলেন, ‘আপনাদের গবেষণা কার্যক্রম নিয়ে আমরা গর্বিত। একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ণয়ের মাপকাঠি হলো গবেষণা। সুতরাং এখন থেকে প্রতি বছর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় যারা কৃতিত্ব দেখাবেন, তাদেরই আমরা পুরস্কৃত করব।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন (অবসরপ্রাপ্ত), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ (অবসরপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিন, গবেষণা ও প্রকাশনা সেলের ভারপ্রাপ্ত পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: তহিদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক তানজিলা তামান্না।