
দামুড়হুদায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সনি ব্রিকস ও দোয়েল ব্রিকসের চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে প্রথমে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজসংলগ্ন জয়রামপুর শেখপাড়ায় অবস্থিত সনি ব্রিকসে অভিযান চালানো হয়। পরে দর্শনা-হিজলগাড়ী সড়কের পাশে অবস্থিত দোয়েল ব্রিকসে অভিযান চালিয়ে ভাটাটির বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে চুয়াডাঙ্গা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান অনুসরণ না করে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।
সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, ‘সরকারি নীতিমালার বাইরে যেসব ইটভাটা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। যেসব ইটভাটা সরকারি নীতিমালা মেনে পরিচালিত হবে, সেগুলো থাকবে। আর নীতিমালা না মানা ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আজ সারাদিন অভিযান চলবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








