আওয়ামীলীগের লগি-বৈঠা হামলার বিচারের দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ
সিরাজগঞ্জ জেলা জামায়াত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।। নয়া দিগন্ত

২০০৬ সালের ২৮ অক্টোবর, ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার হামলায় হত্যাযজ্ঞের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সিরাজগঞ্জ জেলা জামায়াত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) শহরের দরগা রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মিছিলে নেতৃত্ব দেন জেলা আমির মাওলানা শাহিনুর আলম। এ সময় জেলা সেক্রেটারি মো: জাহিদুল ইসলাম, সদর থানা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট ছাইদুল ইসলাম, পৌর আমির মো: আব্দুল লতিফ, পৌর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার হামলায় হত্যাযজ্ঞের হুকুমের আসামি ছিলেন শেখ হাসিনা। তিনি দুই দিন আগেই ঢাকার জনসভায় বলেছিলেন, লগি-বৈঠা নিয়ে আসতে হবে। সেইদিন থেকেই ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছিল। এর পরিণতি হিসেবে জাতিকে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বোঝা বহন করতে হয়েছে।

জেলা সেক্রেটারি মো: জাহিদুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামায়াতের সমাবেশে আওয়ামীলীগের নেতাকর্মীরা অত্যন্ত নৃশংসভাবে হামলা চালায়। সেই জঘন্য হামলায় আমাদের ১৪ জন ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায়ের সূচনা হয়।