
মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় এজারভুক্ত আসামি বহুল আলোচিত সাবেক শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মাগুরার শালিখা আমলি আদালতের বিচারক বর্ণালী রানী তাদের মাগুরা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
ক্রসফায়ারে নিহত মশিয়ার রহমান মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।
মশিয়ার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মো: কামরুজ্জামান জানান, বিএনপি নেতা মশিয়ার রহমানকে ২০১৫ সালের ১৫ই ফেব্রুয়ারি বাড়ি থেকে ধরে নিয়ে যান তৎকালীন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন। পরে তারা গুলি করে তাকে হত্যা করেন।
হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করতে মশিয়ার রহমানকে প্রধান আসামি করে মিথ্যা মামলা দেখিয়ে ওই হত্যাকাণ্ডটি ক্রসফায়ার হিসেবে শালিখা থানায় মামলা রুজু করা হয়।
ফ্যাসিস্ট সরকারের পতনের পর ২০২৪ সালের ১লা অক্টোবর নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ অজ্ঞাত পরিচয়দের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা দাখিল করেন। পরে আদালত মামলাটি এজারভুক্ত করতে শালিখা থানাকে নির্দেশ দেন।
সেই মামলার এজারভুক্ত আসামি হিসেবে বরিশাল নৌ-পুলিশে কর্মরত বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মাগুরায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে তদন্ত কর্মকর্তা দাবি করেন।
ফ্যাসিস্ট সরকারের আমলে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে বিএনপি-জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা এবং ক্রসফায়ারের হুমকি দিয়ে কয়েক শত কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনের বিরুদ্ধে। ওসি বিপ্লব কুমার নাথ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের জামাই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








