দীঘিনালায় ৭ অসহায় পরিবারকে সেনাবাহিনীর ছাগল উপহার
সেনাবাহিনীর দীঘিনালা জোনের অধীন আলমগীর টিলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করে। নয়া দিগন্ত

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি জনপদের অসহায় ও দরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ উপলক্ষে উপজেলার রাম রতন কারবারি পাড়ায় সাতটি পাহাড়ি পরিবারের মাঝে গবাদিপশু হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর দীঘিনালা জোনের অধিনায়কের নির্দেশনায় ও আলমগীর টিলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ ছাগল বিতরণ করা হয়। 

রাম রতন কারবারি পাড়ার সাতটি পরিবারের প্রত্যেককে দুটি করে মোট ১৪টি ছাগল দেয়া হয়। এ সময় দীঘিনালা উপজেলা প্রাণিসম্পদ দফতরের ভেটেরিনারি চিকিৎসক, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র পরিবারের জীবিকা নির্বাহের চ্যালেঞ্জ মোকাবিলায় বিকল্প আয়ের উৎস তৈরি করা জরুরি। সীমিত পুঁজি ও কম জায়গায় ছাগল পালন শুরু করা সম্ভব। সঠিক পরিচর্যা ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে ছাগলগুলোর বংশবৃদ্ধির মাধ্যমে পরিবারগুলো দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

এ সময় মানবিক সহায়তায় সন্তোষ প্রকাশ করে উপকারভোগী পরিবারগুলো সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 

স্থানীয়দের মতে, পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সেনা ও জনগণের মধ্যকার পারস্পরিক আস্থার সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।