পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে রাজশাহী মহানগর জামায়াত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। নয়া দিগন্ত

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজশাহী মহানগর জামায়াত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর আলুপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গণকপাড়া মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে নেতারা পল্টন ট্র্যাজেডির বিচারপ্রক্রিয়া এগিয়ে নেয়া এবং ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করার দাবি জানান।

মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমির ডা: মোহাম্মদ জাহাঙ্গীর। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইন ও সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকার সমাবেশ পরিচালনা করেন।

এ সময় মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, যুব সেক্রেটারি সালাউদ্দীন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে অতীতের সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় আইনের শাসন নিশ্চিত করার পাশাপাশি সহিংসতার সাথে জড়িত ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করতে হবে। এ জন্য তাঁরা সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।

সমাবেশে বিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সভাপতি সারোয়ার জাহান প্রিন্স, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি আব্দুস সামাদ, মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।