২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ
২৮ অক্টোবরের লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুমিল্লায় জামায়াত বিক্ষোভ মিছিল আয়োজন করে। নয়া দিগন্ত

২০০৬ সালের ২৮ অক্টোবর দেশব্যাপী লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কুমিল্লা মহানগরী জামায়াত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

কুমিল্লা মহানগরী জামায়াত নেতা নাছির আহমেদ মোল্লার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির।

বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি টাউন হল মাঠ থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। সেদিন প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার যে ঘটনা ঘটেছিল, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি অব্যাহত থাকবে।

তিনি বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনা জরুরি।

কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, ২৮ অক্টোবরের ঘটনা দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতার অবসান ঘটানো জরুরি।

বক্তারা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।