
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় শহরের কাউতলী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা মো: মোবারক হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য মো. নজরুল ইসলাম খাদেম।
প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম খাদেম অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতের সমাবেশে হামলা চালিয়ে দলটির কর্মীদের হত্যা করা হয়েছিল। তিনি অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা মো: মোবারক হোসাইন বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কালো অধ্যায়। ওই দিন নিরস্ত্র কর্মীদের ওপর হামলা চালিয়ে হত্যার পর হামলাকারীরা লাশের ওপর নৃত্য করে উল্লাস প্রকাশ করেছিল। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল ডক্টরস ফোরামের জেলা সভাপতি ডা: এম এ হানিফ, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক মো. রোকন উদ্দিন এবং এইচআরডি সম্পাদক মো. রাজিবুল হাসান বাপ্পীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








